অজ্ঞাত
কবির কবরের কোণায় দাঁড়িয়ে আছে একটি কাঁটাগাছ।
এলাকার লোকজন চেনে না সেই কবিকে,
চেনে না সেই গাছটিকেও।
বছর তিনেক আগে একদিন তারা দেখেছিল
একজন মানুষের দেহ, পড়ে আছে তাদের গোরস্থানে,
পাশে পড়ে ছিল একটা অসমাপ্ত কবিতা লেখা কাগজ,
আর কয়েক ফোঁটা রক্ত— কাগজে নাম ছিল না কবির।
বোঝা যাচ্ছিল, ওটা আত্মহত্যা।
জাতের পরিচয় না জানা সত্ত্বেও
তারা সৎকার করেছিল সেই দেহের,
কাগজটা বাক্সে ভরে সমাধিস্থ করা হয়েছিল পাশেই।
আজ খুব ভোরে অলক মাঝি ঘাটে যাবার সময়,
অবাক হয়ে দেখল সেই কাঁটাগাছে ফুটে আছে
অজানা এক ফুল, কালচে লাল রং তার,
ঠিক যেন কবির রক্তের মতো লাল।
পাশেই খোঁড়া মাটির পাশে পড়ে আছে একটা কাগজ,
এগিয়ে গিয়ে দেখল সে—
অসম্পূর্ণ কবিতাটা সম্পূর্ণ করে গেছে কেউ
শুকনো রক্তের দাগের ওপরে কালো কালি দিয়ে
লিখে গেছে কবিতার বাকি অংশটা:
ফুলটার ওপরে থাকা একফোঁটা রক্ত কি দেখতে পেল সে?—
কবরের ভেতর থেকে সেটা বুঝতে পারলেন না কবি।
© শ্রী সৈকত
১০ শ্রাবণ, ১৪২৭

No comments:
Post a Comment